বাঙালির প্রাণের উত্সব বর্ষবরণ। আর বছরের এই প্রথম দিনটিকে বরণ করে নিতে আমাদের থাকে নানা আয়োজন। লাল, সাদা শাড়ি, খোঁপায় ফুলের মালা আর দুই হাত ভর্তি চুড়ি ছাড়া বৈশাখী সাজটা যেন মানায় না। রাজধানীর বিভিন্ন মার্কেটে রিনিঝিনি কাচের চুড়ি কিনতে পাওয়া যায়। নতুন শাড়ির সাথে আপনার পছন্দসই কাচের চুড়ি কিনতে হলে আপনি যেতে পারেন—চাঁদনীচক, গাউছিয়া, নিউমার্কেট, মৌচাক, আনারকলিসহ আরও বিভিন্ন শপিং মলগুলোতে। বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে এক রঙা রেশমি চুড়ি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা ডজন। কাচের উপর মিনা করা লাল ও সোনালি চুড়ি ৩৫ থেকে ৪০ টাকা ডজনে বিক্রি হচ্ছে। দুই রঙা কিংবা বিভিন্ন রঙের মিশ্রণে মিনা করা চুড়ির দাম ৩৫ থেকে ৪০ টাকা ডজন। কাচের চুড়িতে নকশা করা একটু চুমকি বসানো চুড়ির সেটও বাজারে পাওয়া যায়। যার দাম পড়বে ৮০ থেকে ১০০ টাকা। বিভিন্ন রঙা জোড়া বালার দাম ৮০ থেকে ১০০ টাকা। এক রঙের কুন্দন বসানো বালা প্রতি জোড়ার দাম ৮০ থেকে ১০০ টাকা। এছাড়া ইডেন কলেজ, গার্হস্থ্য, অর্থনীতি কলেজ, ভিকারুননিসা নূন স্কুলের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, কলা ভবন, রোকেয়া হলসহ অন্যান্য ছাত্রী হলের সামনে বৈশাখের কয়েকদিন আগে থেকেই চুড়ির পসরা বসে। এসব স্থান থেকেও আপনার বৈশাখের সাজের কাচের চুড়ি সংগ্রহ করতে পারেন।
