নতুন বছরের আগমনে সবার মাঝে আনন্দের উচ্ছ্বাস বইতে শুরু করে। আর সেটা যদি হয় বাংলা নববর্ষ, তা হলে তো কথাই নেই। কেননা বাঙালির প্রাণের উত্সব পহেলা বৈশাখ। এই উত্সবকে ঘিরে চলে নানা আয়োজন। নতুন পোশাক গায়ে জড়িয়ে সবাই আনন্দে মেতে ওঠে। এই নতুন বছর উপলক্ষে বাঙালিরা প্রিয়জনকে নানান সামগ্রী উপহার দিয়ে থাকে। এই উপহারের মধ্যে দেশজভাবটা থাকলে মন্দ হয় না। নতুন বছরের উপহার কেমন হতে পারে, তা নিয়ে কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, বাংলা নববর্ষের উপহার হতে হবে পুরোটাই দেশজ ঐতিহ্যে ভরপুর। তা হতে পারে—পোশাক, গয়না ও অন্যান্য উপহার সামগ্রী। ইডেন কলেজের ছাত্রী লুবনা বলেন, ‘পহেলা বৈশাখের উপহার নির্ভর করে প্রিয়জনের সাথে সম্পর্কের উপর। আমি সবসময় উপহার কেনার সময় দেশের ঐতিহ্য বজায় থাকে, এমন উপহারই কিনে থাকি। এবার আমি আমার বন্ধুদের জন্য দেশীয় কাপড়ের ফতুয়া কিনেছি, তাদের দেওয়ার জন্য। আবার আমার কাজিনদের জন্য কিনেছি কিছু দেশীয় ঐতিহ্যের গয়না। কেননা বাঙালি ললনাদের পছন্দ দেশীয় গয়না ও শাড়ি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ছাত্রী আশরাফী তিশা বলেন, ‘বৈশাখ এমনিতেই অনেক রঙে রঙিন। উপহার পেয়ে ও দিয়ে এই সময়গুলো মানুষের জীবন অনেক রঙিন হয়ে উঠে। তা সে যেকোনো ধরনের উপহারই হোক না কেন। আবার কার্ডও দেওয়া যেতে পারে। বিভিন্ন নান্দনিক ডিজাইনের হাতে তৈরি কার্ড পাওয়া যায় বাজারে। সেইসাথে দেশীয় ফ্যাশন হাউসগুলো বাংলা নববর্ষে ক্রেতাদের রাঙাতে নানা আয়োজন করে থাকে। অনেক হাউস আবার বিভিন্ন গিফটহ্যাম্পার বানিয়ে বিক্রি করে।’
