টনি ক্রুস, নাচো ফার্নান্দেজের পর এবার রিয়াল মাদ্রিদের ব্যালন ডি’অরধারী খেলোয়াড় লুকা মদ্রিচ দলটির হয়ে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী ক্রোয়েশীয় এ মিডফিল্ডারকে ২০২১ সাল পর্যন্ত দলে পাচ্ছে রিয়াল। গেল ২০১৭-১৮ মৌসুমে অসাধারণ পারফর্মেন্সের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অর জেতা মদ্রিচ চলতি মৌসুমে তার মানের নৈপুণ্য দেখাতে ব্যর্থ হন। ফলে সংবাদ মাধ্যমের সমালোচনার শিকার হলেও দলের ম্যানেজমেন্ট ও নতুন কোচ জিনেদিন জিদানের আস্থা ঠিকই আছে তার ওপর। মাসখানেক আগেই নতুন চুক্তির ব্যাপারে তার সঙ্গে সমঝোতায় পৌঁছেছিল ক্লাব। গতকাল বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সারেন তিনি। রিয়ালের জার্সি গায়ে এ মিডফিল্ডার একটি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ, চারটি ক্লাব বিশ্বকাপ ও তিনটি উয়েফা সুপার কাপ জিতেছেন।
