পহেলা বৈশাখ বাঙালির কাছে এক অন্যরকম আনন্দময় দিন। উত্সবপূর্ণ এই দিনটিকে ঘিরে চলে নানা আয়োজন। আর খাবারেও থাকে ভিন্ন স্বাদের একটা ঐতিহ্য। বাঙালিয়ানার ৪ পদের রেসিপি নিয়ে এবারের আয়োজন
মা খা মা খা স র্ষে ই লি শ
উপকরণ :ইলিশ মাছ ৬ পিস, সাদা সর্ষে বাটা আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ৫-৬টি, সয়াবিন তেল ১ টেবিল চামচ, মরিচ বাটা আধা চা চামচ, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন :মাছ কেটে ভালো করে ধুয়ে নিন। কাঁচা মরিচ ফালি করে কেটে নিন। চুলায় পাত্র দিয়ে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি, মরিচ বাটা দিন। একটু নেড়ে সর্ষে বাটা দিন, পানি দিন, লবণ দিন। ফুটে উঠলে মাছগুলো বিছিয়ে দিন এবং জ্বাল দিন। মাখা মাখা হলে কাঁচা মরিচ ফালি ছড়িয়ে কিছুক্ষণ দমে রাখুন। তৈরি হয়ে গেল মজাদার মাখা মাখা সর্ষে ইলিশ।
পা ন্তা ভা তে ই লি শ ভা জা
উপকরণ :ইলিশ মাছ ৮ পিস, সর্ষের তেল ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন :মাছ কেটে ভালো করে ধুয়ে নিন। এবার মাছগুলো হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে ১০ মিনিট রাখুন। চুলায় পাত্র দিয়ে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার চুলায় তাওয়া দিন। তেল দিন। তেল গরম হলে মাছগুলো বিছিয়ে দিন। কিছুক্ষণ পর মাছগুলো উল্টে ভেজে নিন। দুই পিঠ ভাজা হলে নামিয়ে ভাজা পেঁয়াজ-মরিচ উপরে ছড়িয়ে দিয়ে পান্তা ভাতের সাথে পরিবেশন করুন।
স জ নে ডা টা র চ চ্চ ড়ি
উপকরণ :সজনে ডাটা ২ কাপ, মিষ্টি কুমড়া ১ কাপ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া চার ভাগের এক চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, সর্ষে বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন :সজনে ডাটা ধুয়ে কেটে নিন। মিষ্টি কুমড়া লম্বা করে কেটে নিন। চুলায় পাত্র দিয়ে তেল দিন। তেল গরম হলে পাঁচফোড়ন দিন, পেঁয়াজ কুচি দিন। এরপর একে একে হলুদ-মরিচ দিয়ে মসলা কষান। মসলা কষানো হলে অল্প পানি দিয়ে ডাটা এবং কুমড়া দিয়ে ভালো করে কষান। কষানো হলে পানি দিন এবং জ্বাল দিন। ডাটা ও কুমড়া সিদ্ধ হলে সর্ষে বাটা দিন। পানি শুকিয়ে এলে অল্প আঁচে কিছুক্ষণ দমে রাখুন। তৈরি হয়ে গেল সজনে ডাটার চচ্চড়ি।
স জ নে ডা টা য় ছো ট মা ছ
উপকরণ :ছোট মাছ ১ কাপ, সজনে ডাটা ১ কাপ, টমেটো কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া চার ভাগের এক চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, সর্ষে বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো, সয়াবিন তেল ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৩-৪টি, সর্ষের তেল ২ চা চামচ।
যেভাবে তৈরি করবেন :সজনে ডাটা ধুয়ে ছোট করে কেটে নিন। মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে মাছ, ডাটা, টমেটো, পেঁয়াজ, হলুদ, মরিচ, সর্ষে বাটা, লবণ, তেল দিয়ে ভালো করে মেখে পানি দিয়ে চুলায় দিন। ১০ মিনিট জ্বাল দিয়ে মাখা মাখা হলে উপরে সরর্ষের তেল ছড়িয়ে দিন এবং নামিয়ে পরিবেশন করুন।
