স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেটের সুপার লিগে গতকাল জয় পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খেলাঘর ৫২ রানে পরাজিত করেছে আবাহনীকে। গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে খেলাঘর আগে ব্যাট করে আট উইকেটে ২১০ রান তুলেছিল। সানজিদা ইসলাম ৭৩, নিগার সুলতানা ৬৭, সাথী রানী ২১, ফাহিমা খাতুন ১২ রান করেন। আবাহনীর জাহানারা আলম, সুনন্দা দুটি করে উইকেট পান। জবাবে ৪৯.৫ ওভারে ১৫৮ রানে অলআউট হয় আবাহনী। তাজ নেহার ৩৪, শামীমা সুলতানা ২২, শারমিন সুলতানা ১৬, সুনন্দা ১৬, জাহানারা ১৫, মনতাহা খাতুন ১৫ রান করেন। খেলাঘরের ফাহিমা ও মুক্তা দুটি করে উইকেট নেন। খেলাঘরের নিগার সুলতানা ম্যাচ সেরার পুরস্কার পান।
বিকেএসপির চার নম্বর মাঠে মোহামেডান ছয় উইকেটে জিতেছে শেখ রাসেল স্পোর্টস ডেভলপমেন্ট একাডেমির বিপক্ষে। আগে ব্যাট করে শেখ রাসেল ৪৭.৫ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যায়। তাহেরা ২৯, রুমানা ২৬, তাজিয়া অপরাজিত ২৬ রান করেন। মোহামেডানের রিতু মনি তিনটি, দিশা-সালমা দুটি করে উইকেট নেন। পরে ৩৭.২ ওভারে চার উইকেটে ১১৪ রান তুলে ম্যাচ জিতে নেয় মোহামেডান। দিশা কাসাই অপরাজিত ৪৮, শারমিন আক্তার ২১, শারমিন আক্তার সুপ্তা ১৩, রিতু মনি ১১ রান করেন। শেখ রাসেলের তাহেরা নেন দুটি উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে মোহামেডানের দিশা কাসাই ম্যাচ সেরা হন।
