গা গরমের প্রস্তুতি ম্যাচ শুরু আজ

আপডেট : ২৩ মে ২০১৯, ২২:০৩

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপ ক্রিকেটের মহাযজ্ঞ এখন দৃষ্টিসীমায়। আগামী ৩০ মে মাঠে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। ইতিমধ্যে সবগুলো দলই আয়োজক দেশ ইংল্যান্ডে অবস্থান করছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির আতিথ্যের অধীনে দলগুলোর পথ চলা শুরু হয়েছে গতকাল। আজ প্রস্তুতি ম্যাচ দিয়েই বিশ্বকাপের আগে গা গরমের পর্ব শুরু হচ্ছে। ২২ গজে মূল লড়াইয়ের মহড়া চলবে ২৮ মে পর্যন্ত। পাঁচদিনে অনুষ্ঠিত হবে ১০টি ম্যাচ। আজ প্রথম দিনে দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রিস্টলে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। কার্ডিফে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। এরপর ২৫, ২৬, ২৭ ও ২৮ মে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৬ মে পাকিস্তান ও ২৮ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কার্ডিফের সোফিয়া গার্ডেনে।