উসমান খাজা ঝুঁকিমুক্ত

আপডেট : ২৩ মে ২০১৯, ২২:০৪

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপের অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চোয়ালে ব্যথা পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। আন্দ্রে রাসেলের বাউন্সার আঘাত করেছিল তার চোয়ালে। তবে এখন ঝুঁকিমুক্ত আছেন খাজা। স্ক্যান রিপোর্টে সবকিছুই ভালো এসেছে। বড় ধরনের ইনজুরির ঝুঁকি নেই তার।

গত বুধবার সাউদাম্পটনের নার্সারি গ্রাউন্ডে রাসেলের বাউন্সার খাজার চোয়ালে আঘাত হানে। হেলমেট থাকায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান তিনি। যদিও সাথে সাথেই খাজাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চোয়ালের স্ক্যান করা হয়। পরে আর মাঠে ফিরেননি এই ওপেনার।

উইন্ডিজের বিপক্ষে ওই প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিল অস্ট্রেলিয়া। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে খাজার। তবে তার মাঠ ছাড়ার দৃশ্য ভয় পাইয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। যদিও এখন সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে।