রাজশাহীর গোদাগাড়ী ও সাতক্ষীরার সদর উপজেলার শিকড়ী গ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন মারা গেছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
গোদাগাড়ীতে বৃদ্ধ নিহত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটি এলাকায় গত রবিবার সকালে পণ্যবাহী ট্রাকের চাকায় আফসার আলীর (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
গোদাগাড়ী মডেল থানার ওসি আবু মোকাদ্দেম আলী জানান, মহাসড়ক পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মুরগির বাচ্চাবাহী একটি ট্রাক আফসারকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাতক্ষীরায় শিশু নিহত
সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ী গ্রামে গত রবিবার বিকালে ট্রাকের চাকায় নাইম হোসেন (৮) নামে এক শিশু মারা গেছে। সে আবুল হোসেনের ছেলে এবং শিকড়ী প্রাইমারী স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
