নয়াদিল্লিতে দলীয় প্রধান কার্যালয়ের সামনে বিজেপির সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের ভিড় ক্রমশ বাড়ছে। তাদের মাঝে জয়ের আনন্দে এক অসাধারণ উন্মাদনা। আতশবাজি পোড়ানো হচ্ছে। বিতরণ করা হচ্ছে মিষ্টি। লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিজয়ে দলের ২০ হাজার কর্মীকে রাজধানী নয়াদিল্লিতে আমন্ত্রণ জানানো হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবর্ধনা দিতেই ডেকে পাঠানো হয় তাদের। গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় দিল্লিতে পার্লামেন্টারি বোর্ডের সভা আহ্বান করে বিজেপি। দলটির প্রধান কার্যালয়গামী সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ১৯ মে। ২৩ মে ঘোষণা করা হয় ফল। ১৪টি বুথ ফেরত জরিপের মধ্যে ১২টি-ই আভাস দেয় আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। জয়ের আভাস স্পষ্ট হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী নয়াদিল্লিতে দলের সদর দপ্তরে ডাকা হয় ২০ হাজার কর্মীকে। বিজেপি নেতাদের সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদিকে জমকালো সংবর্ধনা দিতেই এমন আয়োজন। এদিকে বিজয়ী নেতাদের ২৫ মে’র মধ্যে দিল্লিতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।
