প্রথম সেমিফাইনাল আজ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২১:৪৪
ফেডারেশন কাপের ফাইনালিস্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্র মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবলের দর্শক আসনে। আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়ন ও ফেনীর সকার ক্লাব এবং আগামীকাল মোহামেডান-আবাহনী খেলবে। দুটি ম্যাচই বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৫টায় শুরু হবে। খেলা দুটি বিটিভি সম্প্রচার করবে। মাঠের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার হুংকার দিয়েছেন চার সেমিফাইনালিস্ট। গতকাল দুপুরে বাফুফে ভবনে সেমিফাইনালের দলগুলোকে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ অধিনায়করা জানিয়ে গেছেন তারা ফাইনালের টিকিট হাতে নিয়ে মাঠ ছাড়বেন। সকার ক্লাব ২০০৯ সালে ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে মোহামেডানের মুখোমুখি হয়ে বিদায় নিয়েছিল। এর পর আবার এই দলটি সেমিফাইনালে খেলছে আজ। সকার ক্লাবের প্রতিপক্ষ ব্রাদার্সকে কাগজে-কলমে শক্তিশালী মনে হলেও সকার ক্লাব তিন জন গাম্বিয়ান ফুটবলার এনে দলকে শক্তিশালী করেছে। যাদের নৈপুণ্যের উপর ভর করে সেমিফাইনালের টিকিট পেয়েছে এই দলটি। তারপরও দলের গাম্বিয়ান কোচ ওমরকে সিসে জানিয়েছেন, যদি ফাইনালে উঠতে পারি তাহলে তো কথাই নেই। আর না উঠতে পারলে মনে করবো না যে, নিচে নেমে গেছি। আমি ব্রাদার্সকে শক্তিশালী দল মনে রেখেই আজ মাঠে নামবো।’ বিদেশি ফুটবলারদের শক্তির ব্যাখ্যা করতে গিয়ে সকার ক্লাবের অধিনায়ক স্ট্রাইকার আকবর হোসেন রিদন জোর গলায় দাবি করেছেন, এই টুর্নামেন্টে আমাদের আক্রমণ ভাগই সেরা।’ একথা শুনে ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নইম উদ্দিন ঘাবড়ে যাননি। তিনি বলেছেন ভয় পাওয়ার কিছু নেই। তারাও শক্তিশালী। আমাদের আরো শক্তিশালী হতে হবে, এটাই যা। ওরা যেমন মনে করছে বিদেশিদের শক্তিটা বেশি। আমরা মনে করছি ওরা (সকার ক্লাব) দেশি-বিদেশি, সবদিক থেকেই শক্তিশালী।’ ব্রাদার্সের অধিনায়ক আশরাফুল করিম তাদের রক্ষণভাগ নিয়ে সন্তুষ্ট। সকার ক্লাবের আক্রমণ ভাগের কাছে সামাল দেয়ার মতো রক্ষণভাগ ব্রাদার্সের আছে। অধিনায়ক বলেছেন আমাদের ডিফেন্স লাইন ভালো। সকারের আক্রমণ ঠেকাতে আমাদের ডিফেন্ডারদের বিশ্রাম নেয়ার সুযোগ নেই ম্যাচে।’ মোহামেডান-আবাহনীর আগামীকালের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিকে দেশের সবচেয়ে বড় ম্যাচ হবে বলে জানিয়েছেন দুই দলের সেনাপতি এবং কোচ। মোহামেডানের অধিনায়ক জাহিদ হোসেন এমিলি পর্তুগীজ কোচ রুই ক্যাপেলা ও আবাহনীর অধিনায়ক মোঃ সুজন এবং ইরানী কোচ আলী আকবর ভালো সুন্দর খেলা দর্শক উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন। ফাইনালের আগে সেমিফাইনাল ম্যাচটি যেন অলিখিত ‘ফাইনাল’ ম্যাচে পরিণত হয়েছে। আলী আকবর বলেন, আমাদের ফিনিশিংয়ে সমস্যা আছে। আশা করি এটা থাকবে না আজ। অধিনায়ক সুজনের কথা হচ্ছে ম্যাচ জিততে ভাগ্যের সহায়তা লাগে। ভাগ্য সহায় না থাকলে ভালো খেলেও জেতা যায় না। মোহামেডানের পর্তুগীজ কোচ রুই ক্যাপেলা মোহামেডান-আবাহনী ম্যাচ নিয়ে বলেছেন যে কেউ জিততে পারে। ফিফটি ফিফটি চান্স। আমার আত্মবিশ্বাসের জায়গাটা বেশ শক্ত। আক্রমণভাগে এমিলি, সবুজ, জাহিদ আছেন। তবে জাহিদকে ম্যাচের যে কোনো ৪৫ মিনিট মাঠে দেখা যাবে। আর দলের অধিনায়ক জাহিদ হোসেন এমিলির চোখে লিগের চেয়ে স্বাধীনতা কাপ টুর্নামেন্টে ভালো খেলছে। আমাদের রক্ষণভাগ ভুল না করলে আমরা সেরা খেলাটা আমাদের দর্শকদের উপহার দিতে পারবো। শনিবার ফাইনাল। কাল সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠান মধুমতি ব্যাংকের পরিচালক ফাহমিদা সাঈদ সাকি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ফুটবল টুর্নামেন্টে আমরা স্পন্স করছি। খেলোয়াড়রা ভালো খেললে দর্শক মাঠে আসবে। উত্তেজনার ম্যাচ উপভোগ করবেন দর্শক। ইনশাআল্লাহ আমরা ফুটবলের সাথেই থাকবো। ফুটবলে স্পন্সর করার জন্য ব্রাদার্সের কোচ সৈয়দ নইম উদ্দিন মধুমতি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।