ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা কেন্দ্রে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কংগ্রেস নেতা রতন সিং। তিনি মধ্যপ্রদেশের সেহোর জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার একটি ভোট গণনা কেন্দ্রে গণনা তদারকি ও তথ্য সংগ্রহ করছিলেন রতন সিং। এ সময় তিনি হঠাত্ করে বুকে ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত জেলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীদের দাবি, রতন সিং লোকসভা ভোটের ফল মেনে নিতে পারছিলেন না। ভোটের উত্তেজনা ও হারের ধাক্কা সামলাতে না পেরে তিনি হূদরোগে আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুর সংবাদটি এমন এক সময়ে এলো যখন লোকসভা নির্বাচনে বড় পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে কংগ্রেস। যদিও সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে সরকার গঠন করেছিল কংগ্রেস। — টাইমস অব ইন্ডিয়া
