সুপ্রিম কোর্টের বিচারকরা এখন থেকে প্রতি মাসে মূল বেতনের সঙ্গে এর অর্ধেক পরিমাণ বা পঞ্চাশ শতাংশ ‘বিশেষ ভাতা’ পাবেন। এই বিধান রেখে সোমবার জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট জাজেস (রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলাইজেস, এমেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৪’ শিরোনামে একটি বিল পাস হয়েছে। গত বছরের পহেলা জুলাই থেকে এটা কার্যকর বলে বিধান রাখা রয়েছে। আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
২০১০ সালে সর্বশেষ সংশোধনী আইনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন বৃদ্ধি করা হয়। যা ২০০৯ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী প্রধান বিচারপতির বর্তমানে মাসিক মূল বেতন ৫৬ হাজার, আপিল বিভাগের বিচারপতির ৫৩ হাজার ১শ’ ও হাইকোর্ট বিভাগের বিচারপতির ৪৯ হাজার টাকা।
এদিকে ‘বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন), বিল-২০১৪’ গতকাল সংসদে উত্থাপিত হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষে বিলটি উত্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে পরীক্ষা-নিরীক্ষা করে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য বিলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
