পদ্মভূষণ পদক পাওয়ায় ড. আনিসুজ্জামানকে সংবর্ধনা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২২:২৮
ভারতের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পদ্মভূষণ পুরস্কার গ্রহণের পর দেশের মাটিতে প্রথমবারের মত সংবর্ধিত হলেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। গতকাল রাজধানীর একটি হোটেলে এবি ব্যাংক এবং চন্দ্রাবতী একাডেমি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এবি ব্যাংকের চেয়ারম্যান এম. ওয়াহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে আনিসুজ্জামান আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সামাজিক কাজে অংশ নেয়া আমার দায়িত্ব। এটি না করলে নিজেকে অসম্পূর্ণ মনে হতো।’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আনিসুজ্জামান তার অবদানের জন্য দেশের অনেক পুরস্কার পেয়েছেন। তবে এখনো সর্বোচ্চ পুরস্কার পাওয়া বাকি রয়েছে। আশা করি তিনি এ পুরস্কার পাবেন।’ অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ড. আনিসুজ্জামানের কর্মময় জীবন ও তার অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী এবং চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের রাষ্টপতি প্রণব মুখার্জীর কাছ থেকে আনিসুজ্জামান পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন। এ বছর ২৫ জন এ পুরস্কার পান যাদের মধ্যে অধ্যাপক ড. আনিসুজ্জামানসহ ভারতের বাইরের রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিত্ব।