বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আন্তর্জাতিক নদীর মালিকানা ভারতের একার নয়। তাই তারা কোনভাবেই একতরফাভাবে অভিন্ন নদীর পানি প্রত্যাহার করতে পারে না। ভারতের একতরফাভাবে পানি প্রত্যাহার এবং ফারাক্কা ও টিপাইমুখ প্রকল্প, আন্তঃনদী সংযোগ প্রকল্প হচ্ছে নদী সংক্রান্ত আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী ও মানবতাবিরোধী। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি ও বাসদ আয়োজিত সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, বাংলাদেশের কোন সরকারই ভারতের কাছ থেকে বাংলাদেশের ন্যায্য পাওনা আদায় করতে পারেনি।
সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, বরাক নদীর টিপাইমুখে বাঁধ নির্মাণ এবং আন্তঃনদী সংযোগ প্রকল্পের বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। এই সব প্রকল্প চালু হলে, বাংলাদেশের উপর ভয়ঙ্কর রকমের প্রাকৃতিক দুর্যোগ নেমে আসবে। আরো বক্তব্য রাখেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, রুহিন হোসেন প্রিন্স।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের ইফতেখার আহমেদ বাবু, প্রকৌশলী ম. এনামুল হক। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরানা পল্টনে শেষ হয়।
