শিল্পকলায় চিত্রকর্ম প্রদর্শনী শুরু ১৩ এপ্রিল

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২২:২৮
প্রকৃতির এক অনন্য লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবানে আগামীকাল বুধবার শুরু হচ্ছে সার্ক আর্টিস্ট ক্যাম্প। বাংলাদেশসহ সার্কভুক্ত ৮টি দেশের ৪৭জন নবীন-প্রবীণ শিল্পীদেরকে নিয়ে বান্দরবানে নীলাচল পর্যটন কেন্দ্রে আয়োজন করা হয়েছে এ আর্ট ক্যাম্পের। বুধবার সকাল সাড়ে ১০টায় এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। আয়োজনের মূল প্রতিপাদ্য ‘প্রকৃতির সঙ্গে সংহতি : দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে’। এ উপলক্ষে সোমবার শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্কৃতি সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস। আরো বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরাগ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালক সুউন্দরিয়ে ডেভিড রড্রিগো ও শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। সংস্কৃতি সচিব বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো সার্ক আর্টিস্ট ক্যাম্প ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। সার্ক দেশসমূহের মধ্যে সাংস্কৃতিক বন্ধন ও শিল্পের বিনিময় এই ক্যাম্পের উদ্দেশ্য। তিনি জানান, একক শিল্পকর্ম অঙ্কনের পাশাপাশি ৩০ ফুট দৈর্ঘ্য ৬ ফুট প্রস্থ ক্যানভাসে সম্মিলিতভাবে চিত্রাঙ্কন করবেন সার্কভুক্ত দেশের শিল্পীবৃন্দ। বান্দরবানের নীলাচলে সার্ক আর্টিস্ট ক্যাম্পে শিল্পীদের আঁকা শিল্পকর্মগুলো নিয়ে ১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা গ্যালারিতে প্রদর্শনী হবে। আর্টিস্ট ক্যাম্পে বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন শিল্পী আবদুশ শাকুর শাহ, কে এম এ কাইয়ূম, সিদ্ধার্থ তালকুদার, আহমেদ শামসুদ্দোহা, আতিয়া ইসলাম, নাসিমা খানম কুইনি, নজরুল ইসলাম (অঘ্রানী), যুবরাজ জায়েদ এ চৌধুরী, দুলাল চৌধুরী গাইন, বিশ্বজিত্ গোস্বামী, শায়েলা শারমীন ও তাসলিমা আখতার বাঁধন। এছাড়াও শ্রীলঙ্কা থেকে ৮ জন, আফগানিস্তান থেকে ১ জন, ভারত থেকে ৬ জন, মালদ্বীপ থেকে ৪ জন, নেপাল থেকে ৫ জন, ভুটান থেকে ৬ জন ও পাকিস্তান থেকে ৬ জন করে শিল্পী এ আর্ট ক্যাম্পে অংশ নিচ্ছেন। প্রসঙ্গত, ২০১১ সালে প্রথমবার সার্ক আর্টিস্ট ক্যাম্প অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার কলম্বোয়। দ্বিতীয়বারও অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। ২০১৩ সালে মালদ্বীপের কুদা বান্দোস দ্বীপে তৃতীয়বারের মতো আয়োজন করা হয় সার্ক আর্টিস্ট ক্যাম্প। চতুর্থ পর্ব হিসেবে বাংলাদেশ প্রথমবার এই আয়োজন করছে।