জিটিভির বার্তা বিভাগের রিসার্চ এ্যান্ড ডেভলপমেন্ট এডিটর এবং টকশো সংবাদ সংলাপের উপস্থাপক অঞ্জন রায়কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার তীব্র নিন্দা জানিয়েছে বিএফইউজে ও ডিইউজে। এক বিবৃতিতে সোমবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এ নিন্দা জানান।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, একটি চক্র সম্পূর্ণ অসত্ উদ্দেশ্যে অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে অঞ্জন রায়কে আসামি করায় তার ২ বছরের কারাদণ্ড হয়। তিনি টেলিভিশন টক শো’র নিয়মিত উপস্থাপক হলেও বিস্ময়করভাবে আদালতে তাকে পলাতক হিসাবে দেখানো হয়েছে। জানা গেছে, তাকে শুধু হয়রানি আর সম্পত্তি দখলের উদ্দেশ্যেই মামলাটি করেন পাবনার একজন ব্যবসায়ী। বিবৃতিতে দ্রুত এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করে জড়িতদের আইনের আওতায় আনতে আইন, স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি বিবৃতিতে দৃষ্টি আকর্ষণ করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি
