রাষ্ট্রপতির সঙ্গে কিশোরগঞ্জ চেম্বার নেতাদের সৌজন্য সাক্ষাত্

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৩৯
বাসস কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বাদল রহমানের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা গতকাল বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। এ সময় কিশোরগঞ্জ বণিক সমিতির সদস্যরা জেলার সম্ভাবনাময় ব্যবসায়িক খাতের পাশাপাশি চেম্বারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা এ অঞ্চলের অর্থনীতি জোরদার করার লক্ষ্যে জেলায় একটি গার্মেন্টস পল্লী প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ কিশোরগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ সমস্যার কথা তুলে ধরেন এবং এ সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন কমিটি জেলার ব্যবসা-বাণিজ্য উন্নয়নে অবদান রাখবে। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।