অর্জিত সাফল্য ধরে রাখার আহবান প্রধানমন্ত্রীর

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৩৯
বাসস প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশের অর্জিত সাফল্য ধরে রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ একসময় সন্ত্রাসী ও জঙ্গিবাদের দেশ হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমান সরকার বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশ ও উন্নয়নের রোলমডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি সম্ভব হয়েছে ব্যাপক উন্নয়ন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোর হস্তে দমনের মাধ্যমে।’ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সমিতির সিনিয়র আইনজীবীরা গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সাথে সাক্ষাত্ করতে আসলে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুর রশিদের নেতৃত্বে ৫৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত্ করেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সর্বিক উন্নয়নের মাধ্যমে দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো আর বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি বলেন, সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের ফলে চট্টগ্রাম নগরী সত্যিকারের বাণিজ্যিক রাজধানীতে পরিণত হয়েছে। সাক্ষাত্কালে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তিনি ধৈর্যসহকারে তাদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।