ঋণ খেলাপির অভিযোগে হলমার্ক গ্রুপের বিরুদ্ধে আরো একটি মামলা করেছে সোনালী ব্যাংক। এ নিয়ে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১২টি মামলা দায়ের হলো। এলসির বিপরীতে ঋণ হিসাবে নেয়া ৬০ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৪৪৭ টাকা ঋণ খেলাপির অভিযোগে মঙ্গলবার ঢাকার প্রথম অর্থ ঋণ আদালতে সোনালী ব্যাংকের পক্ষে মামলাটি দায়ের করেন হোটেল রূপসী বাংলা করপোরেট ব্রাঞ্চের নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম।
মামলায় হলমার্ক গ্রুপের মালিকানাধীন ডিজাইন ওয়্যার লিমিটেড, ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামকে বিবাদী করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. রবিউজ্জামান বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন। একইসঙ্গে সমন ফেরতের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেন। এর আগে হলমার্ক গ্রুপের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই বাদী মোট এগারোটি মামলা করেছেন।
