রাজউকের নয়া চেয়ারম্যান জয়নাল আবেদীন

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৪০
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসাবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জিএম জয়নাল আবেদীন ভুঁইয়া। এই অতিরিক্ত সচিব অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) ছিলেন। পিআরএল বাতিল করে তাকে রাজউক চেয়ারম্যান পদে মঙ্গলবার নিয়োগ দেয়া হয়েছে। জয়নাল আবেদীন রাজউকের বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী মো.নুরুল হুদার স্থলাভিষিক্ত হবেন। আগামী ২১ এপ্রিল থেকে অথবা যোগদানের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে। জানা গেছে, জয়নাল আবেদীন ইতিপূর্বে রাজউকের বোর্ড সভার সদস্য ও দীর্ঘদিন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এদিকে মন্ত্রণালয়ের আলাদা আদেশে এম শেফাক আহমেদকে তিন বছরের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।