গত সোমবার পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সরকারি বেসরকারিভাবে র্যালিসহ নানা কার্যক্রম গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য দিবসের কার্যক্রম উদ্বোধন করেন। এর মাধ্যমে শুরু হয় দিবসটির কার্যক্রম। এ বছরের স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিল “মশা মাছি দূরে রাখি, রোগ বালাই মুক্ত থাকি”। বিশ্বে বিভিন্ন সংক্রামক রোগের মধ্যে ১৭ ভাগই হচ্ছে বাহক বাহিত। ২০১০ সালে পৃথিবীতে বাহক বাহিত রোগে ৬ লাখ ৬০ হাজার মানুষ মারা যায়। এর মধ্যে বেশিরভাগই শিশু।
বেসরকারি সংস্থার মধ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্টেট ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগ ও ল্যাব এইডের যৌথ উদ্যোগে ঐদিন সকালে ধানমন্ডিতে র্যালি বের করা হয়। র্যালি শেষে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে স্বাস্থ্য সচেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসি ও ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি মেজর জেনারেল (অব.) ডা. এম শাহজাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এস এম এ ফয়েজ, লিগ্যাল এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক সৈয়দ তরিকুল ইসলাম ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডা. নওজিয়া ইয়াসমিন।
