বৃক্ষ রোপণের বিকল্প নেই

আপডেট : ২৩ মে ২০১৯, ২২:২৬

দেশে উদ্বেগজনক হারে বৃক্ষ কমে যাচ্ছে। বড় বড় বৃক্ষগুলো আজ বিলুপ্তির পথে। অথচ পরিবেশকে সজীব করে তুলতে অধিক হারে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। এই বিষয়ে টেলিফোন ও ই-মেইলে প্রাপ্ত পাঠকদের অভিমত প্রকাশিত হলো আজ

জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া ক্রমশ উত্তপ্ত হচ্ছে। এজন্য প্রয়োজন পরিকল্পনামাফিক বৃক্ষ রোপণ। শুধু বৃক্ষরোপণ করলেই চলবে না, বৃক্ষের সঠিক পরিচর্চাও করতে হবে। অবশ্য বৃক্ষরোপণে পূর্বের চেয়ে আমাদের অধিক সচেতনতা লক্ষণীয়। বৃক্ষ মেলাগুলোতে আজকাল ব্যাপক মানুষের সমাগম ঘটছে। এ ব্যাপারে আমাদের আরো বেশি সচেতন হতে হবে। নির্বিচারে বৃক্ষ কাটা বন্ধ করতে হবে। একটি গাছ কাটলে লাগাতে হবে দুটি গাছ।

লাভলু আজাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

গাছের গুরুত্ব ও উপকারিতা শুধু বৈজ্ঞানিকভাবে নয়, ধর্মীয়ভাবেও স্বীকৃত। মুসলিম গবেষকরা বলেছেন যে, মুসা (আ) যখন আল্লাহর সঙ্গে কথা বলতেন তখন তার সামনে থাকত একটি গাছ। বুদ্ধদেব গাছের নিচে বসেই বৌদ্ধত্ব লাভ করেন। গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তাই গাছকে বাঁচিয়ে রাখা মানে আমাদের নিজেদের বাঁচিয়ে রাখা।

মাখরাজ খান

মানিকগঞ্জ

আশার কথা, আমাদের দেশে বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও নির্মল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে জাতীয়ভাবে বৃক্ষরোপণ ও সংরক্ষণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কাজেই আসুন, আর দেরী না করে নিজের প্রয়োজন, জাতীয় স্বার্থে ও দেশের কল্যাণে এবং আমাদের অস্তিত্ব রক্ষায় বসতবাড়ির আশেপাশে পতিত জায়গায়, পুকুর পাড়ে, রাস্তার পাশে, খাল, নদীর ধারে, রেললাইন ও বাঁধের পাশে, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, কল-কারখানা, মসজিদ-মন্দির এবং হাসপাতাল প্রাঙ্গণে যেখানেই খালি জায়গা রয়েছে সেখানেই বনজ, ফলদ এবং ঔষধি গাছের চারা বেশি করে লাগাই, তাদের যত্ন করি। এতে একদিকে যেমন দেশে বৃক্ষ সম্পদ বৃদ্ধি পাবে, তেমনি পরিবেশ সুষ্ঠু ও নির্মল হবে বলে আমরা মনে করি।

 মোছা. বিলকিছ আক্তার

হরিশ্বর, কাউনিয়া, রংপুর

গাছ মানুষের বন্ধু। কিন্তু দিন দিন মানুষেরই কাজের জন্য গাছ কাটা হচ্ছে। এই কারণে দেশে গাছের সংখ্যা কমে যাচ্ছে। সরকার যদি বৃক্ষ রোপণ করার  জন্য ঘোষণা দেয় যে,  একটি  গাছ লাগালে ৫ জিবি ইন্টারনেট ফ্রি! তাহলে অল্প দিনে দেশের আনাচে কানাচে সুন্দরবনের মতো বন জেগে উঠবে।

ফাহাদ ফারদীন

যবিপ্রবি

পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং ব্যাপকভাবে পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষ রোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য বসবাস উপযোগী পৃথিবী গড়ে তুলতে বৃক্ষ রোপণ প্রয়োজন।  বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু। বৃক্ষহীন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনাও করা যায় না। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে অধিক হারে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করতে হবে।

অমিত বণিক

মানবসম্পদ ব্যবস্থাপক

সুন্দর পৃথিবী গড়তে যেমন সুন্দর মনের মানুষ ও সুশাসন দরকার, তেমনি সুন্দর পরিবেশ গড়তে এবং পরিবেশকে সজীব ও সুন্দর রাখতে বৃক্ষ রোপণ অপরিহার্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে ঠিক এর উল্টো চিত্রটি পরিলক্ষিত হয়। এসব দেশের  অনেক কর্তাব্যক্তিই অনেক সময় পরিবেশকে সজীব রাখার পরিবর্তে পরিবেশকে বিষিয়ে তোলে, সরকারি রাস্তাঘাট ও স্থাপনায় রোপিত বৃক্ষ কর্তন করে দেদারসে।  তাদের নিকট দেশ, দেশবাসী ও পরিবেশের কোনোই মূল্য নেই। তাই এ সকল দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের রাহুগ্রাস থেকে পরিবেশকে রক্ষা করা জরুরি।

 মো. শহীদুর রহমান

কাকিনা, লালমনিরহাট

চীনা দার্শনিক কুনফুশিয়াস বলেছেন, ‘যদি তুমি এক বছরের পরিকল্পনা মতো ফল পেতে চাও তবে শস্য রোপণ করো, যদি দশকের পরিকল্পনার ফল পেতে চাও তবে বৃক্ষ রোপণ করো’। মূলত বৃক্ষই আমাদেরকে দশকের পর দশক ধরে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সফলতা দিতে সক্ষম। মরু অধ্যুষিত আরব  দেশগুলোতে দেখা যায় সমতল ভূমি এবং নদী বা সাগর কিনারের নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর সরকারিভাবে ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কিংবা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নানা জাতের বৃক্ষরোপণ ও সবুজায়নের মাধ্যমে সবুজ পার্ক নির্মাণ করে দেওয়া হয়। ফলে একদিকে যেমন পরিবেশগত ভারসাম্য রক্ষা হচ্ছে তেমনি অপরদিকে জনগণ পর্যাপ্ত বিনোদন সুবিধা ভোগ করছে। আমাদেরও সেই নীতি গ্রহণ করতে হবে। তাছাড়া প্রকৃতি প্রদত্ত বনাঞ্চনগুলো উপযুক্ত রক্ষণাবেক্ষণ করে এগুলোর স্থায়িত্ব দীর্ঘায়িত করার মাধ্যমে পরিবেশকে অধিক সজীব করে তোলা সম্ভব।

ভূঁইয়া কিসলু বেগমগঞ্জী

 চৌমুহনী, হাজীপুর, বেগমগঞ্জ, নোয়াখালী

বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কারণে কর্মসংস্থান ক্রমান্বয়ে সংকোচিত হয়ে আসছে বিশ্বময়। ফলে নতুন এক মহা সংকট সৃষ্টি হওয়ার আশংকা দেখা দিয়েছে সারা দুনিয়ায়। এই অবস্থায় বৃক্ষ রোপণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করি। বৃক্ষ রোপণ, এর পরিচর্যা এবং এর ব্যবহার ইত্যাদি কর্মকাণ্ডে কোটি কোটি মানুষের কাজের সুযোগ তৈরি করবে।

 মেনহাজুল ইসলাম তারেক

মুন্সিপাড়া, পার্বতীপুর, দিনাজপুর

বৃক্ষ রোপণের  মাধ্যমে আমাদের পরিবেশ রক্ষা ও পরিবেশের শোভা বৃদ্ধি পায়। আজকের এই পৃথিবীকে আগামী  প্রজন্মের জন্য বসবাস যোগ্য করে তুলতে সকলকে বেশি করে বৃক্ষ রোপণ করতে হবে। তাছাড়া ভূমিকম্প, ঝড় জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে এবং নির্মল আবহাওয়া ও পরিবেশের জন্য প্রত্যেককে বৃক্ষ রোপণে নিজ থেকে উত্সাহিত হতে হবে।

মোহাম্মদ শহীদউল্যা

হক ভিলা, মেরাদিয়া, ঢাকা

বৃক্ষ রোপণকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক উষ্ণতা ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে বৃক্ষ রোপণের বিকল্প নেই।

শান মোহাম্মদ রিজওয়ান

হকভিলা, মেরাদিয়া, সিপাহীবাগ, ঢাকা

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন আন্তঃরাষ্ট্রীয় প্যানেল প্রতিবেদনে বলা হয়েছে, কার্বন নিঃসরণের বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী ২০৩০ সালের মধ্যে পৃথিবীতে খরা, বন্যা, বজ্রপাত, ভয়াবহ তাপদাহ দাবানল ইত্যাদি মহাবিপর্যায়ের রূপ নিবে। এর প্রধান কারণ হচ্ছে বৃক্ষনিধন। তাই সবুজ, পরিচ্ছন্ন পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই।

লায়ন ও অ্যাডভোকেট রবিউল হোসেন রবি

পুরানাপল্টন, ঢাকা

গাছ না থাকলে আমাদের জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না। তাই পর্যাপ্ত পরিমাণে বৃক্ষ রোপণ করা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য।

শিশির

পিলখানা, ঢাকা

দেশে যে হারে বৃক্ষ ধ্বংস হচ্ছে তা কোনোভাবেই কল্পনা করা যায় না। আদি যুগের বৃক্ষ এখন বিলুপ্তির পথে। আমাদের দেশে আয়তন অনুযায়ী বৃক্ষের প্রয়োজন শতকরা ২৫ ভাগ। অথচ আমাদের দেশে আছে বর্তমানে ১০ ভাগ। তাই পরিবেশকে সজীব করতে বৃক্ষের প্রয়োজন।

ডা. মোহাম্মদ জামিল রহমান

গোপালপুর, টাঙ্গাইল

বৃক্ষ থেকে আমরা ফলমূল কাঠ পাই। বৃক্ষ শুধু পরিবেশের নয় আমাদের প্রাণ বাঁচায়। আমরা অনেকেই জানি, দক্ষিণ পূর্ব এশিয়ার রেইন ফরেস্ট হলো পৃথিবীর অন্যতম প্রাকৃতিক অরণ্য। অন্যদিকে পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেন উত্পাদন করে আমাজান। যে কারণে আমাজানকে বলা হয় পৃথিবীর ফুসফুস। আমাজান এতই বিশাল যে এর বুকের ভিতরের বহু জায়গা দেখা হয়নি আজো। মানুষ চাঁদে পা ফেলেছে; কিন্তু আমাজানের সবটুকু গোপনীয়তা ভাঙতে পারেনি। তাই আমাদের উচিত গাছ লাগানো ও গাছকে ভালোবাসা।

সুলতানা জামান

মানিকনগর, ঢাকা

বিশ্বের অন্যতম দূষণ শহরের তালিকায় বহু আগেই স্থান করে নিয়েছে রাজধানী ঢাকা শহর। এজন্য অন্যতম দায়ী বৃক্ষনিধন।  দেশে উদ্বেগজনক হারে বৃক্ষ নিধন হচ্ছে। ফলে বড় বড় বৃক্ষগুলো বিলুপ্তির পথে। এইভাবে বৃক্ষ নিধন হলে দূষণের মাত্রা আরো বেড়ে যাবে।

সৈয়দা পারভীন সুলতানা

শেখ পাড়া, রামচন্দ্রপুর, কুষ্টিয়া

বৃক্ষ থেকে আমরা অনেক কিছুই পাই। বৃক্ষ আমাদের সঙ্গে কখনই বেইমানি করে না; কিন্তু আমরা মানুষ তার সঙ্গে বেইমানি করি। সুতরাং বৃক্ষ রোপণের প্রতি যত্ন নেওয়ার বিষয়ে আমাদের অধিক মনোযোগী হতে হবে।

আল মায়ামী

ফুলবাড়িয়া, সাভার

আমাদের দেশে খুব বেশি আকারে ইউক্যালিপটাশ গাছ রোপণ করা হচ্ছে। কারণ এটি দ্রুত বড় হয় বলে সাধারণ মানুষ ধারণা করে; কিন্তু এটি পরিবেশের জন্য ক্ষতিকর। এই ব্যাপারে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই বৃক্ষের রোপণ ও বিস্তার রোধ করতে হবে।

আনোয়ারুল আলম রনি

টাঙ্গাইল

 বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশের বিপর্যয়রোধে আমাদের উচিত বৃক্ষরোপণে অধিক মনোযোগ দেওয়া। উন্নয়নের দোহাই দিয়ে সরাকারি-বেসরকারি স্থাপনা ও রাস্তাঘাট নির্মাণের জন্য অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধন করা হয়। এই প্রবণতা বন্ধ করতে হবে। একই সঙ্গে একটি গাছ কাটার পরিবর্তে দুটি গাছ লাগানোর আইন সরকার প্রণয়ন করতে পারে।

এহসানুল হাবিব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বর্ষা মৌসুম আসছে। একই সঙ্গে শুরু হচ্ছে জাতীয় বৃক্ষোরোপণ কর্মসূচি। এই বর্ষা মৌসুম বৃক্ষ রোপণের উপযুক্ত সময়। জেলা-উপজেলা পর্যায়ে বৃক্ষ মেলা হবে। বৃক্ষ প্রেমিকরা নানান প্রজাতির বৃক্ষ রোপণ করেন। এ বছরও তার ব্যত্যয় ঘটবে না বলে আশা করি।

ফারুক আহমেদ

বাঘমারা, রাজশাহী

আগে বিশ্বে মানুষের সংখ্যা ছিল খুবই কম। আর বৃক্ষ ও বনভূমির পরিমাণ ছিল অনেক বেশি। যার কারণে পরিবেশ ছিল অনুকূলে। কিন্তু বর্তমানে বিশ্বে মানুষের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি শিল্প কল-কলকারখানা প্রতিনিয়ত বেড়েই চলেছে। অপরদিকে বনভূমি ও গাছ পালা কমছে যার কারণে বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর উষ্ণতা। তাই আগামী প্রজন্মের জন্য পৃথিবী অনুকূল রাখার স্বার্থে বেশি করে গাছ লাগানো একান্ত জরুরি।

মোহাম্মদ ইসলাম

প্রয়ের খোলা , চৌদ্দগ্রাম,  কুমিল্লা

পৃথিবীতে প্রথম স্যার জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন যে বৃক্ষেরও প্রাণ আছে। বৃক্ষ নিজেকে নিঃস্ব করে মানুষকে বাঁচিয়ে রাখে। আমরা প্রতিনিয়ত যে অক্সিজেন নিয়ে থাকি তা বৃক্ষ থেকে পাই। পৃথিবীতে যত ওষুধ আছে তা বৃক্ষ দ্বারা তৈরি করা হয়। এক একটি গাছের চারা হচ্ছে অক্সিজেন ফ্যাক্টরি। তাই বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে। 

খন্দকার কামরুজ্জামান

উত্তরা পীরের বাগ, মিরপুর ঢাকা

বৃক্ষ ছাড়া সকল প্রাণি ফুলের বেঁচে থাকা অসম্ভব। অথচ এই বৃক্ষের প্রতি আমদের কেন এতো অবহেলা? আসুন আমাদেরই প্রয়োজনে সরকারি-বেসরকারিভাবে ব্যাপক হারে বৃক্ষ রোপণ করি ও সংগ্রহ করি।

মোহাম্মদ আবদুল রাজ্জাক নাছিম

চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ