ভারতের নবগঠিত দল আম আদমি পার্টির (আপ) শীর্ষনেতা অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলার ঘটনা থামছেই না। কয়েকদিন আগে রোড শো চলাকালে চড়-ঘুষি খেয়েছিলেন। গতকাল মঙ্গলবার আবারও হামলার শিকার হলেন দিলী্লর সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এবারো তাকে চড় মারা হয়েছে। মঙ্গলবার দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের সুলতানপুরিতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কেজরিওয়ালকে থাপ্পড় মারেন এক অটোরিকশা চালক। কেজরিওয়াল তার দলের হেভিওয়েট প্রার্থী রাখী বিড়লার পক্ষে নির্বাচনী প্রচার করছিলেন।
কেজরিওয়ালের ওপর হামলাকারী অটোরিকশা চালকের নাম লালি। তিনি দিল্লীর আমান বিহার এলাকার বাসিন্দা। ঘটনার পর টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন কেজরিওয়াল। তিনি লিখেছেন, ‘আমি ভাবছি-কেন আমার উপর বারবার হামলা হচ্ছে? এর পিছনে কারা? তারা কি চায়? তারা এ থেকে কি পাচ্ছে? তারা যত খুশি আমার উপর হামলা চালাক। প্রতি আক্রমণে যাব না। তাদের উসকানির ফাঁদে পা দিব না। ’ ঘটনার পর আপের কর্মীরা ওই অটোরিকশা চালককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
