ব্যবসায়ীর বাড়ি ভাংচুর মালামাল লুট, ৪ স্কুল ও মসজিদ ১৫ দিন বন্ধ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২৩:০৫
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চর বাউশিয়া ইউনিয়নের ফরাজিকান্দি গ্রামে প্রায় জনশূন্য অবস্থায় ভাংচুর ও লুটপাট অব্যাহত থাকার অভিযোগ পাওয়া গেছে। গ্রামের ২টি বিদ্যালয় ও ২টি মসজিদ নির্বাচনের একদিন পর থেকে বন্ধ রয়েছে। বিদ্যালয়ে কোন শিক্ষার্থী ও মসজিদে ইমাম ও মুসুল্লীরা ভয়ে আসছেন না বলে অভিযোগ। এ গ্রামের ১৭ জন শিক্ষার্থী চলতি এইচএসসি পরীক্ষা দিতে পারছে না । স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে ফরাজিকান্দি গ্রামের ফরাজিবাড়িতে মাছ ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামের তালাবদ্ধ ঘর ভেঙ্গে ফ্রিজ, টিভি, ফার্নিচার, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার লুট করে নেয় সন্ত্রাসীরা। নজরুল ইসলাম জানান, মধ্যমকান্দি মোশারফের নেতৃত্বে সন্ত্রাসীরা তার মালামাল লুট করে নেয়। এর আগে নাজনী নামের এক মহিলাকে মারধর করে ঘরের মালামাল লুট করে গ্রাম থেকে বের করে দেয় সন্ত্রাসীরা। এছাড়া ওসমান প্রধানের তালাবদ্ধ ভবনের তালা ভেঙ্গে লুটপাট চালানো হয়। একই রাতে সন্ত্রাসীরা হিরো মিয়া, মামুন মেম্বার ও শহীদের টিনের ঘর ভেঙ্গে মালামাল লুট করে। ভয়ে গ্রামের অধিকাংশ মানুষ অন্যত্র চলে গেছে। পুলিশ প্রধান সড়কে মাঝে মাঝে টহল দিলেও গ্রামের ভেতরে না আসার অভিযোগ রয়েছে। ইউএনও ড.এটিএম মাহবুবুল করিম ফরাজিকান্দি গ্রামের কয়েকজন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দিতে না পারার কথাটি স্বীকার করলেও সঠিক সংখ্যাটি জানাতে পারেননি। গজারিয়া থানায় ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন জানান, ফরাজিকান্দি গ্রামে স্থায়ীভাবে পুলিশ মোতায়েন রয়েছে। ২৩ মার্চ নির্বাচনের পর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঘটনার থেকে বেশি রটনা হয় বলে তিনি জানান।