সুজনের গোলটেবিল আলোচনা
ইত্তেফাক রিপোর্ট
দেশে জনকল্যাণমুখী রাজনীতি ফিরিয়ে আনতে ১৮ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। তারা বলেছেন, রাষ্ট্রের মেরামত জরুরি হয়ে পড়েছে। নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ে গড়ে ওঠা তিন জোটের রূপরেখার আদলে নতুন জাতীয় সনদ সইয়ের উদ্যোগ নিতে হবে। বর্তমান সংকটময় পরিস্থিতি উত্তরণে সংবিধান সংশোধন, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচন পদ্ধতির পরিবর্তন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা, নির্বাচন কমিশন সংস্কার প্রয়োজন বলেও মত দেওয়া হয়।
গতকাল মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়।
সুজন সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অংশ নেন সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, মানবাধিকার কর্মী হামিদা হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, প্রকৌশলী মুসবাহ আলীম, ড. সি আর আবরার, বিএনপি মনোনীত সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা, আব্দুল্লাহ আল ক্বাফি রতন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য জাহেদ উর রহমান, জোনায়েদ সাকী প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। আলোচনায় অংশ নেওয়া প্রায় সব বক্তাই সংস্কারের পক্ষে তাদের মতামত তুলে ধরেন।
