লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার দু’দিন আগে কাশ্মিরে সন্দেহভাজন বিদ্রোহীদের গুলিতে এক সেনা ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় বন্দুকযুদ্ধে দুই বিদ্রোহীও নিহত হয়েছেন। মঙ্গলবার ভারতীয় কর্মকর্তারা এ খবর জানিয়েছেন বলে বুধবার জানিয়েছে দ্য ডন। সোমবার রাতে কাশ্মিরের প্রধান শহর শ্রীনগর থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমের ক্রালপোরা গ্রামে বিদ্রোহীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। এতে এক সেনা ও দুই সদস্য নিহত হন। এ সময় দু’জন বিদ্রোহীও নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র এনএস জোশি।
তিনি বলেন, ‘দু’জন সন্ত্রাসী নিহত হয়েছেন।’ এছাড়া শ্রীনগরের ৫৫ কিলোমিটার দক্ষিণে মঙ্গলবার এক সন্দেহভাজন বিদ্রোহীর গুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আততায়ী আহত পুলিশ সদস্যের কাছ থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে পালিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শেখ জুনায়েদ। লোকসভা নির্বাচনে জম্মু ও কাশ্মিরের আসনগুলোতে পাঁচ পর্বে ভোট গ্রহণ করা হবে।
