ইন্দোনেশিয়ায় বুধবার স্থানীয় সময় সকাল ৭টায় জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনে ব্যাপক অনিয়ম, ভোট কারচুপি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এদিকে সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত এবং খারাপ আবহাওয়ার কারণে ৩০টি জেলায় ভোটগ্রহণ ৩ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
পাপুয়া প্রদেশের নির্বাচন কর্মকর্তা বেটি ওয়ানেনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, স্থানীয় নির্বাচন কমিশন ব্যালট পেপার এবং প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ না দেয়ায় অনেক কেন্দ্রে যথাযথ সময়ে ব্যালট পেপার এবং বাক্স নির্বাচন কেন্দ্রে সরবরাহ করা যায়নি। স্থানীয় মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়, অনেক প্রার্থী কেন্দ্রে অনিয়ম এবং টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে।
ইন্দোনেশিয়ার এই জাতীয় নির্বাচন আগামী ৯ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা যাচাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী জুলাই মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি দল বা কোয়ালিশনকে পার্লামেন্টের নিম্নকক্ষে ৫৬০টি আসনের মধ্যে ২০ শতাংশ আসন এবং মোট জাতীয় ভোটের ২৫ শতাংশ ভোট পেতে হবে। এবারে দেশব্যাপী নির্বাচনে প্রায় ১৮ কোটি ৬০ লক্ষ ইন্দোনেশিয়ান ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবে এবং ২ লক্ষ ৩০ হাজার প্রার্থী প্রায় ২০ হাজার আসনে লড়াই করবে।
