ভোটেও উজ্জ্বল তারকা প্রার্থীরা

আপডেট : ২৩ মে ২০১৯, ২২:৫৪

ভারতের লোকসভা নির্বাচনে এবারো আলোচনায় ছিলেন বলিউড ও টলিউডের তারকা প্রার্থীরা। রূপালি পর্দায় ঝড় তোলা সাবেক ও বর্তমান নায়ক নায়িকারা এবারের নির্বাচনে কেমন ফল পান তা দেখার অপেক্ষায় ছিল তাদের ভক্তরা। গতকাল সর্বশেষ পাওয়া ফলাফলে দেখা গেছে তারকা প্রার্থীদের বেশিরভাগই জয় পেয়েছেন। প্রতিপক্ষের প্রার্থীকে হারিয়ে শেষ হাসি হেসেছেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী নূসরাত, মিমি এবং হালের দীপক অধিকারী বা দেব। জয় পেয়েছেন সাবেক অভিনেত্রী শতাব্দী রায়ও। অন্যদিকে, বলিউডের সাবেক জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীও তার আসনে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন। তবে সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন পরাজিত হয়েছেন। হুগলিতে বিজেপির প্রার্থী হন লকেট চট্টোপাধ্যায়। তিনিও জয় পেয়েছেন।

এবারের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিনোদন জগতের অনেক তারকা। উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রার্থী হন বলিউডের জনপ্রিয় অভিনেতা ও বর্তমানে বিজেপি এমপি শত্রুঘ্ন সিনহা। বিহারের পটনা সাহিব লোকসভা কেন্দ্র থেকে লড়েন তিনি। তবে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

উত্তরপ্রদেশের ফতেহপুর সিক্রি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রাজ বব্বর। তিনিও বিজেপি প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন। এছাড়াও সদ্য কংগ্রেসে যোগ দেয়া ৯০ এর দশকের জনপ্রিয় নায়িকা উর্মিলা মাতন্ডকার এবারের লোকসভা নির্বাচনে মুম্বাই-উত্তর কেন্দ্র থেকে লড়াই করেন। তবে তিনিও বড় ব্যবধানে বিজেপির প্রার্থীর কাছে হেরে গেছেন। তার মতো একই পরিণতি হয়েছে এক সময়ের জনপ্রিয় নায়িকা জয়াপ্রদার। তবে জয় পেয়েছেন বলিউডের সাবেক তারকা সানি দেওল।