আজ বৃহস্পতিবার সকাল ৯টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ তিন দিন ব্যাপী চরমোনাইর বার্ষিক ওয়াজ মাহফিল সমাপ্ত হতে যাচ্ছে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন চরমোনাইর পীর সাহেব আমিরুল মুজাহিদীন হযরত মাওলানা সৈয়দ রেজাউল করিম। আখেরী মোনাজাতে অংশ গ্রহণের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল মাহফিলগামী মানুষের উপচেপড়া ঢল নেমেছিল। গতকাল মাহফিলের তৃতীয় দিনে বাদ ফজর প্রথম অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই বলেছেন, আজ মানুষের নৈতিক চরিত্র পরিশুদ্ধ নয় বিধায় মানুষ অপরাধে জড়িয়ে সমাজকে কলুষিত করছে। কলুষমুক্ত সমাজ গড়ার জন্য পরিশুদ্ধ আত্মার মানুষ প্রয়োজন। চরমোনাই দাদা হুজুর রহ. চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা করেন মূলত পরিশুদ্ধ আত্মার মানুষ গড়ার জন্যই। এদিকে চরমোনাই মাহফিলে গতকাল সন্ধ্যা পর্যন্ত ৩জন মুসল্লি অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। এরমধ্যে একজন ষ্ট্রোক ও ২জন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। চরমোনাইতে ১০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী মাহফিল হাসপাতালে রোগীদের চিকিত্সা ও মাঠের মধ্যে রোগীদের প্রাথমিক চিকিত্সা প্রদানের জন্য মোট ৪০ জন ডাক্তার কর্তব্যরত রয়েছেন। এছাড়াও নির্দিষ্ট সংখ্যক পুলিশ, ডিবি পুলিশ ও ৪হাজার স্বেচ্ছাসেবকের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় মাহফিলের দুটি মাঠ ও বরিশাল শহর থেকে মাহফিলে যাওয়ার সড়কসমূহ।
