উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনার বিকল্প নেই :নাসিম

আপডেট : ২৩ মে ২০১৯, ২২:৫৫

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। পদ্মা সেতুর মতো মেঘা প্রকল্পসহ অসংখ্য দৃশ্যমান  প্রকল্প বাস্তবায়নসহ অবকাঠামো উন্নয়ন, জঙ্গি দমন, সন্ত্রাসবাদের মূলোত্পাটন করে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ জন্য তিনি জনগণের আস্থাও অর্জন করেছেন। উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মডেল। গতকাল বৃহস্পতিবার  দুপুরে  কাজিপুরে নির্মাণাধীন এফডব্লিউ ভিটিআই ও ম্যাটস প্রকল্পের নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

বিকালে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দল দীর্ঘদিন ক্ষমতায় আছে বলে দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে। কিন্তু এই উন্নয়ন ও ক্ষমতার দাপটে কেউ বাড়াবাড়ি করবেন না।

এ সময় স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার এবং উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী পৌর মেয়র হাজী নিজাম উদ্দিনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।