সংসদ সচিবালয়ের বাজেট ৩২৮ কোটি ২২ লাখ টাকা

আপডেট : ২৩ মে ২০১৯, ২২:৫৬

আসন্ন ২০১৯-২০ অর্থবছরে জাতীয় সংসদ সচিবালয়ের জন্য ৩২৮ কোটি ২২ লাখ টাকার বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। যা চলতি ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২৯ কোটি ছয় লাখ টাকা বেশি। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩০তম বৈঠকে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কমিশনের সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

নতুন অর্থবছরের বাজেটে সংসদ সচিবালয়ের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জন্য বিনা সুদে গাড়ি কেনার জন্য ঋণ দিতে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এ খাতে সাড়ে ছয় কোটি টাকার মতো অর্থ বরাদ্দ রাখা হয়েছে। সংসদ সচিবালয়ের উপসচিব পদমর্যাদার ২২ কর্মকর্তা রয়েছেন। ঋণ ছাড়াও গাড়ির জ্বালানি ও অন্যান্য খরচ বাবদ ৫০ হাজার টাকা করে পাবেন তারা। বৈঠকে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ অংশ নেন। বিশেষ আমন্ত্রণে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

কমিশন বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, বৈঠকে সংসদ সচিবালয়ের বিভিন্ন বিভাগে নতুন পদ সৃষ্টিসহ পদোন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সংক্রান্ত প্রস্তাবনাগুলো অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সংসদ ভবনের নিরাপত্তা বৃদ্ধি, মেরামতসহ সংসদ ভবনের সার্বিক উন্নয়নের জন্য সুপারিশ করেছে কমিটি।

জানা গেছে, বৈঠকে সংসদের লেক সংস্কারের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত সচিব। এছাড়া বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দফতরের আপ্যায়ন ভাতা মাসে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা, সংসদীয় কমিটির বৈঠকে জনপ্রতি আপ্যায়ন ভাতা ১০০ টাকার স্থলে ২০০ টাকাসহ কয়েকটি খাতে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে স্পিকার জানান। জানা গেছে, বর্তমানে স্পিকার ঢাকার বাইরে গেলে ১৯৯৬ সালে কেনা একটি নিশান পেট্রোল কার ব্যবহার করেন। এই গাড়িটির পরিবর্তে একটি নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত হয়। এছাড়া সংসদের জন্য নতুন ১০টি পাজেরো গাড়ি কেনার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।