অলিম্পিক তারকা রাইস অবসরে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:৩০
সবধরনের প্রতিযোগিতামূলক সাঁতার থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেইজিং অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে ত্রিপল স্বর্ণপদক বিজয়ী সাঁতারু স্টিফেনি রাইস। ২৫ বছর বয়সী এই সাঁতারু ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের পরে ইনজুরির কারণে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে মোটেই সফল ছিলেন না। এই সময়ের মধ্যে তার কাঁধে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। অবসর প্রসঙ্গে রাইস বলেছেন, ‘লন্ডন গেমস থেকে ফেরার পরে আমি ক্যারিয়ার নিয়ে এখনই কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাইনি। এখনো আমি বুঝতে পারছি না প্রতিযোগিতামূলক না হোক এমনিতেই সাঁতার চালিয়ে যাবো কিনা। কারণ এখনো এই সিদ্ধান্তে আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমি জানি নিজের শতভাগ দিতে হলে আমাকে আরো সময় ব্যয় করতে হবে।’ ২০০৮ সালের অলিম্পিকে কুইন্সল্যান্ডের এই তারকা ২০০ মিটার ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্ব রেকর্ড গড়া ছাড়াও ৪ গুণিতক ২০০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণপদক জয় করেছিলেন।