নির্বাচনের ফলাফল ভারতের শেয়ারবাজারের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। ভারতের ইতিহাসে রেকর্ড সূচক গড়েছে। বৃহস্পতিবার দেশটির বিএসই সেনসেক্স ৪০ হাজারের ঘর অতিক্রম করেছে। দিনের শুরুতে ৩৯ হাজার ৫৯১ পয়েন্ট দিয়ে শুরু করে দিন শেষে ৪০ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। একদিনের ব্যবধানে সূচক বেড়েছে ১ হাজার ১৪ পয়েন্ট। এর আগে যখন প্রাথমিক ফলাফল থেকে জানা যাচ্ছিল যে, নরেন্দ্র মোদি সুনিশ্চিতভাবেই বিজয়ী হতে যাচ্ছেন, তখন স্টক মার্কেটের মূল্য সূচক আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। বিবিসির সংবাদ অনুযায়ী, প্রধান দুই পুঁজিবাজারে সেনসেক্স এবং নিফটি৫০-এর সূচক যখন বাড়তে থাকে তখন বিনিয়োগকারী উল্লাস করতে থাকেন। বিশ্লেষণে বলা হয়েছে, নরেন্দ্র মোদি দীর্ঘদিন ধরে নিজেকে ব্যবসাবান্ধব বলে প্রচার করে আসছেন। তাই শেয়ারবাজারের ঊর্ধ্বগতি তার প্রতি বিনিয়োগকারীদের সমর্থনের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। গত পাঁচ বছরে মোদি সরকার অর্থনীতিতে বেশি কিছু সংস্কার করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, তাকে এগুলোর ওপর আরো কাজ করতে হবে, এবং আগামী দিনগুলোতে আরো বলিষ্ঠ অর্থনৈতিক নীতিমালা গ্রহণ করতে হবে। এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারে এত উত্থানের পেছনে রয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক এবং লারসেন অ্যান্ড টারবোর শেয়ার। সবমিলিয়ে শেয়ারবাজারে দর বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৫৯ শতাংশ যা যে কোনো সময়ের চেয়ে বেশি। এর আগে দেশটিতে গত ২০১৫ সালের ৪ মার্চ সেনসেক্স ৩০ হাজারের ঘর অতিক্রম করে।
