শেরেবাংলা নগরের পশ্চিম রাজাবাজার এলাকায় সহকর্মীর ধারালো অস্ত্রের আঘাতে ইমাম হাসান নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে পশ্চিম রাজাবাজারের ৫৮/৩/৪ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত ইমাম হাসানের আরেক সহকর্মী রাতুল জানান, ইমাম একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। কোম্পানির পক্ষ থেকে ঠিক করে দেওয়া পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় তারা থাকেন। গত মঙ্গলবার রাত একটার দিকে বাথরুমে গিয়ে কাপড় পরিষ্কার করার সময় উচ্চ শব্দে গান শুনছিলেন ইমাম হাসান। এতে তার সহকর্মী মঈন উদ্দিন সাজ্জাদের ঘুম ভেঙে যায়। এ নিয়ে দুইজনের মধ্যে বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরপর মঈন রান্নাঘর থেকে সবজি কাটার স্টিলের চাপাতি এনে ইমাম হাসানের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতালে নেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভোরের দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমাম হোসেনের বাড়ি চট্টগ্রামের রাংগুনিয়া থানার সরব ভাটা গ্রামে। মঈন পলাতক রয়েছে।
