প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পররাষ্ট্রনীতি খুব স্পষ্ট। সকলের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমরা সেটা সবসময় মেনে চলি। তিনি বলেন, আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামী মাসে (জুন) আমরা বিশাল আকারের বাজেট দিচ্ছি। আমরা মনে করি, এতে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। গতকাল বৃহস্পতিবার গণভবনে বিচারপতি, কূটনীতিক, সরকারি, সামরিক-বেসামরিক কর্মকর্তা, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সব সময় চেষ্টা করি, দেশে যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। মানুষের জীবনে শান্তি থাকে। আর সন্ত্রাস-জঙ্গিবাদ দুর্নীতি মাদকের হাত থেকে যেন আমাদের সমাজ মুক্তি পায়। সবাইকে রমজানুল মোবারকবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনাদের এই আগমনে গণভবন ধন্য হয়েছে। আপনারা দোয়া করবেন। আমরা চাই, বাংলাদেশ যে আর্থ সামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, এই উন্নয়নের ধারাটা যেন অব্যাহত রাখতে পারি।
দেশবাসীকে পবিত্র রমজান ও ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি খুব দুঃখিত। এবার হয়তো ঈদে আমি দেশে থাকব না। কারণ আমার বেশ কয়েকটি বিদেশ সফর রয়েছে। আমি জাপান যাচ্ছি, সেখান থেকে সৌদি আরবে ওআইসি সম্মেলন হয়ে ইংল্যান্ড যাবো। সেখান থেকে ৭ জুন দেশে ফিরবো। যেহেতু ঈদে দেশে থাকতে পারবো না, তাই এই ইফতার মাহফিল থেকেই সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে গণভবনের সবুজ লনে বিশাল প্যান্ডেলে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।
