শারীরিক প্রতিবন্ধীদের দক্ষ কর্মী গড়ার প্রত্যয়

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২২:০২
শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মী হিসাবে গড়ে তোলা এবং বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সাভারে মার্কস এ্যান্ড স্টার্টস কালচারাল একচেঞ্জ অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা এ্যান ভেলরি টেইলর। বৃহস্পতিবার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এবং মার্কস এ্যান্ড স্পেনসারের যৌথ উদ্যোগে মার্কস এ্যান্ড স্টার্টস কালচারাল একচেঞ্জ অনুষ্ঠানে এ কথা জানান ভেলরি। অনুষ্ঠানে বক্তারা বলেন, মার্কস এ্যান্ড স্টার্টস কালচারাল কর্মসূচির মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের কাজে উত্সাহ যোগানোর পাশাপাশি তাদের চাকরির নিশ্চয়তা প্রদান করে একটি স্বাধীন এবং অর্থনৈতিকভাবে উন্নত জীবনের স্বপ্ন দেখায়। এই প্রোগ্রামের আওতায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। ২০০৬ সাল থেকে অদ্যাবধি এই প্রকল্পের মাধ্যমে ৮২৫ জনেরও বেশি প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান করা হয়েছে। এসময় অংশগ্রহণকারী প্রতিবন্ধীদের মধ্য থেকে কাজে যোগদানকারী কর্মদক্ষতায় সেরা প্রতিবন্ধী হিসেবে নার্গিস আক্তার, সুলতানা আক্তার ও সালমা আক্তারের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে ভ্যালরি টেইলর এবং মার্কস এ্যান্ড স্পেনসারের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক, সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, মার্কস এ্যান্ড স্পেনসারের সিনিয়র সোশ্যাল কমপ্লায়েন্স ম্যানেজারসহ ৮০টিরও অধিক তৈরি পোশাক কারখানার মালিক, তাদের প্রতিনিধিবর্গ এবং সিআরপি থেকে প্রশিক্ষণ পাওয়া ৪০০ জন পোশাক কারখানার কর্মী উপস্থিত ছিলেন।