দক্ষ যুব সমাজ গড়তে তাগিদ প্রধানমন্ত্রীর

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২২:০৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকারত্বের সমস্যা দূর এবং আন্তর্জাতিক শ্রম চাহিদা পূরণের জন্য দেশের বিশাল যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যুব শক্তি বিশ্বের বিপুল শ্রমের চাহিদা পূরণে সক্ষম। তারা দক্ষ জনশক্তি হিসাবে গড়ে উঠলে দেশের বেকারত্ব সমস্যা সমাধানের পাশাপাশি বাড়বে রেমিটেন্স প্রবাহের গতি’। তখন দেশের জনসংখ্যা অভিশাপ হিসাবে নয়, আশীর্বাদে পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে তাঁর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের (এনএসডিসি) তৃতীয় বৈঠকে সভাপতির ভাষণকালে এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতকেও জড়িত করার নির্দেশ দেন। সভায় কাউন্সিলের আগের বৈঠকে নেয়া সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক এতে যোগ দেন।