রাষ্ট্রদূত পর্যায়ে রদবদল

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২২:০৫
সরকার কয়েকটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পর্যায়ে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। কূটনৈতিক সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) সাঈদা মুনা তাসনিমকে থাইল্যান্ডে রাষ্ট্রদূত পদে, বর্তমানে থাইল্যান্ডের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনকে অস্ট্রেলিয়ায় হাইকমিশনার পদে, বর্তমানে শ্রীলঙ্কার হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমানকে মিয়ানমারে রাষ্ট্রদূত পদে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তারিক আহসানকে শ্রীলঙ্কায় হাইকমিশনার পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) আল্লামা সিদ্দিকী দক্ষিণ আফ্রিকায় হাইকমিশনার পদে, চিফ অব প্রটোকল খন্দকার এম তালহা যুক্তরাজ্যে ডেপুটি চিফ অব মিশন পদে, মহাপরিচালক নজরুল ইসলাম সৌদি আরবে উপ-রাষ্ট্রদূত পদে নিয়োগ পান। এছাড়া বর্তমানে ব্রাজিলের রাষ্ট্রদূত শামীম আহসানকে জেনেভায় স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়। কূটনৈতিক সূত্র জানায়, সহসাই নয়াদিল্লী, ওয়াশিংটন ও লন্ডন মিশনে রাষ্ট্রদূত পদে রদবদল করা হবে। উল্লেখ্য, প্রায় ৫ বছর ধরে অস্ট্রেলিয়ায় নিযুক্ত হাইকমিশনার লেফটেন্যান্ট জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরীর চুক্তির মেয়াদ সমপ্রতি শেষ হয়। এছাড়া ওয়াশিংটনে এ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিনকে, নয়াদিল্লীতে সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীকে এবং লন্ডনে জেনেভা মিশনের স্থায়ী প্রতিনিধি এম এ হান্নানকে নিয়োগের চিন্তাভাবনা চলছে। সাবেক পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসকে ব্রাজিলে বদলি করার সিদ্ধান্ত হয়েছে।