ফের নির্বাচনে জয় পেয়েছেন নরেন্দ্র মোদির বিজেপি। ভারত মেতেছে গেরুয়া ঝড়ের আনন্দে। দিল্লির মসনদে বসার ইঙ্গিত স্পষ্ট হতেই চীন, পাকিস্তান, রাশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা জানাতে শুরু করেন মোদীকে। মোদীকে প্রথম অভিনন্দন জানান ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরপর তাকে ফোন করেন চীন প্রেসিডেন্ট শি জিন পিং এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তারা মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার নেতৃত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করার আশা প্রকাশ করেছেন। পরে ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিফোন বা টুইট করে নয়, টেলিগ্রামের মাধ্যমে মোদিকে শুভেচ্ছা জানান তিনি।
বিজেপি জোটের এই বিপুল জয়ের পর শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের নিকট থেকেও। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কে যতই উত্তাপ থাক, শুভেচ্ছা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এক বার্তায় দক্ষিণ পূর্ব এশিয়ায় শান্তি ও সমৃদ্ধি রাখার জন্য এক সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি লোকসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য বিজেপি জোট ও মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। নেপালের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট দেশ ভুটানের রাজা জিগমে খেসার নামগেল। তিনি ফোন করে ভারতের প্রধানমন্ত্রীকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির শুভেচ্ছাও পেয়েছেন তিনি। এই রায়ের জন্য ভারতবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভারত-আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
