পুলিশের দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় আনছারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানীসহ ৫ জনকে গতকাল বৃহস্পতিবার বরগুনা কারাগারে পাঠানো হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জজ আদালতে তাদের হাজির করা হলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আগামী ১৫ মে পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করে তাদের পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।
বরগুনা থানার উপ-পরিদর্শক জাফর হোসেন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় বরগুনা থানায় মুফতি জসিম উদ্দিনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এদিকে সকাল থেকেই আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। উল্লেখ্য, ২০১৩ সালের ১২ আগষ্ট বরগুনার দক্ষিণ খেজুরতলা থেকে মুফতি জসিম উদ্দিন রহমানীসহ ৩১ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে ২৬ জন ইতিমধ্যে উচ্চ আদালতের মাধ্যমে জামিনে আছেন।
