বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, তারেক জিয়া বিগত সময়ে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে এখন বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে পাকিস্তানি এজেন্ডা বস্তবায়নের চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছে। এর পেছনে একাত্তরের পরাজিত শক্তি জামায়াতকে প্রতিষ্ঠিত করাই বিএনপির লক্ষ্য।
বৃহস্পতিবার সিলেট সাকির্ট হাউজের হল রুমে এক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়; কিন্তু ওই সময় মুজিবুর রহমান পাকিস্তানি কারাগারে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়। তাজ উদ্দিনকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। ১৯৭২ সালের ১২ জানুয়ারি পার্লামেন্টে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী করা হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
