বার্সার ঘুরে দাঁড়ানোর রাত

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২১:৪৯
অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন জলাঞ্জলি দেয়ার পর নিজেদের ফিরে পেতে খুব কম সময়ই পাচ্ছে বার্সেলোনা। লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে আজই তাদের মুখোমুখি হতে হচ্ছে গ্রেনাডার। লিগের বাকি ছয় রাউন্ড আর এখনো শীর্ষে থাকা অ্যাটলেটিকোর চাইতে এক পয়েন্ট পিছিয়ে আছে তারা। সুতরাং এই মুহূর্তে পা পিছলানোটা বড় বিপদই ডেকে আনতে পারে কাতালানদের জন্য। এদিকে রাতের অন্য বড় ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে আলমেরিয়াকে আতিথেয়তা দেবে ক্রিশ্চিয়ানো রোনালদো বিহীন রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকোর কাছে চ্যাম্পিয়ন্স লিগে এই হারের বদলা নেয়ার সুযোগ অচিরেই পাচ্ছে বার্সেলোনা। কারণ, আগামী ১৮ মে লিগে এ মৌসুমে নিজেদের ম্যাচে দিয়েগো সিমিওনের দলকেই প্রতিপক্ষ হিসাবে পাচ্ছে তারা। এক পয়েন্টের এই ব্যবধান নূ ক্যাম্পে সেই ম্যাচ পর্যন্ত ধরে রাখতে পারলে লা লিগা শিরোপা ধরে রাখার একটা সুযোগ পাচ্ছে বার্সেলোনা। সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ৩৭তম রাউন্ড পর্যন্ত কোন পয়েন্ট না হারানোটা। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেও ঘরোয়া টুর্নামেন্টে নিজেদের ভাল সুযোগই দেখছেন দলের অন্যতম প্রধান তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। সেক্ষেত্রে এখনই ঘুরে দাঁড়ানোর কোন বিকল্প নেই জানিয়ে স্প্যানিশ এই মিডফিল্ডার বলেন, ‘এই পরাজয়ে ভেঙ্গে পড়লে চলবে না। কোন সন্দেহ নেই চ্যাম্পিয়ন্স লিগ দারুণ একটা টুর্নামেন্ট। কিন্তু আপনি প্রতি বছর এটা জিততে পারবেন না। এখন আমাদের সামনে আছে লিগ এবং কাপ জয়ের সুযোগ। অ্যাটলেটিকোর বিরুদ্ধে হারের যন্ত্রণাটা হয়তো আজ-কাল থাকবে। কিন্তু খেলার জগত্টাই এমন। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এবং যেসব জায়গায় জয়ের সুযোগ আছে তার প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে।’ অ্যাটলেটিকোর বিরুদ্ধে ম্যাচে আধা ঘণ্টারও বেশি সময় আগে মাঠ থেকে তুলে নেয়া প্রসঙ্গে ইনিয়েস্তা বলেন, ‘কোচ যখন আমাকে তুলে নিলেন তাতে আমিও অবাক হয়েছিলাম। কিন্তু কে খেলবেন সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা একেবারেই কোচের।’ গ্রেনাডার বিরুদ্ধে ইতিহাসকে পক্ষেই পাচ্ছে বার্সেলোনা। ৩৫ বছরের বিরতি শেষে ২০১১-১২ মৌসুমে লা লিগায় ফেরা দলটির বিরুদ্ধে সর্বশেষ পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে লিওনেল মেসির দল। আর এ মৌসুমে নিজেদের মাঠে গ্রেনাডার বিরুদ্ধে সর্বশেষ ম্যাচে জয় এসেছিল ৪-০ গোলে। লা লিগায় নিজেদের ২৩তম শিরোপা জিততে আজও সে রকম কিছুই করতে চাইবেন মেসি-ইনিয়েস্তারা। এদিকে অ্যাটলেটিকোর চাইতে তিন পয়েন্ট কম নিয়ে রিয়ালও আছে শিরোপার দৌড়ে। বরুশিয়ার কাছে তাদের মাঠে ২-০ গোলে হেরেও প্রথম লেগে ৩-০ গোলে জয়ের সুবাদে সেমিফাইনালের টিকেট পাওয়া দলটি আজ মুখোমুখি হচ্ছে তুলনামূলক বিচারে দুর্বল আলমেরিয়ার। তবে শেষ চারে উঠে গেলেও বরুশিয়ার বিরুদ্ধে ম্যাচ থেকে অনেককিছুই শেখার আছে বলে মনে করছেন মিডফিল্ডার লুকা মডরিচ। ঝাকড়া চুলের এই তারকা বলেন, ‘আমরা সেমিফাইনালে পৌঁছাতে পেরে খুশি। কিন্তু যেমন খেলেছি সেটা নিয়ে খুশি হবার কোন কারণ নেই। বিশেষ করে প্রথমার্ধে। প্রতি ম্যাচে আমরা এমন করতে পারি না। এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে ও আরো উন্নতি করতে হবে।’ বিশ্বকাপের থিম সং পিটবুলের ‘উই আর ওয়ান’ ফুটবল তীর্থ ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০১৪ বিশ্বকাপের থিম সং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। স্বাগতিক ব্রাজিলেরই শিল্পি ক্লদিয়া লেইট্টির সঙ্গে এই গানটি গেয়েছেন মি. ওয়ার্ল্ডওয়াইড পিটবুল ও জেনিফার লোপেজ। ‘উই আর ওয়ান’ শিরোনামে রচিত গানটিতে বাদ্যযন্ত্রের চমত্কার সন্নিবেশ ঘটানো হলেও পিটবুলের বৈশিষ্ট্যমূলক গান হিসেবে এটিকে কোনভাবেই উপেক্ষা করা যাবে না। এই গানের মাধ্যমে ব্রাজিলের ঐতিহ্যকে ধারণ করার চেষ্টা করা হয়েছে। যেখানে তুলে আনা হয়েছে সেখানকার বিচ পার্টি ও ক্লাব পার্টিকে। অনেকের ধারণা এটির তুলনায় সাকিরা তার কাজটি বেশি ভাল করেছেন। অবশ্য পিটবুল গানটির কথায় কিছু নতুন শব্দ সংযোজনের চেষ্টা করেছেন। তবে এর আওয়াজ আগের মতই রয়ে গেছে। গানটি যথেষ্ট ভাল হয়েছে। তবে বিশ্বকাপের গান হিসেবে যে ধরনের উপাত্যের সংমিশ্রণের মাধ্যমে ভাবগম্ভির আবহ সৃষ্টি করা করা দরকার সেরকম খুব একটা হয়নি। আগামী ১২ জুন ব্রাজিলের এরিনা ডি সাও পাওলো’র ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গানটি পরিবেশন করা হবে।-বাসস