ঝালকাঠির নলছিটি ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিত্সক সংকটের কারণে স্বাস্থ্য সেবা মুখ থুবড়ে পড়েছে। এখানে ৩২টি চিকিত্সকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১৩ জন। এর মধ্যে ২ জন ঝালকাঠিতে প্রেষণে থাকায় ১১ জন চিকিত্সক আছে। তাদের মধ্যে ৪ জন কর্মস্থলে থাকলেও ৭ জন থাকেন বরিশালে। তারা বরিশালে অবস্থান করায় প্রায় দিনই কর্মস্থলে পাওয়া যায় না বলে রোগীদের অভিযোগ। তাই নলছিটির ১ লাখ ৯২ হাজার ৩৪৯ জনসাধারণের স্বাস্থ্য সেবা মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে বরিশালে অবস্থানরত ৪ চিকিত্সকের রুম তালাবদ্ধ থাকার বিষয়ে গত বুধবার জানতে চাইলে আরএমও ডা. আওসাফুল ইসলাম রাসেল নিরব থাকেন। তিনি বলেন, যে চিকিত্সক কর্মস্থলে থাকেন না তাদের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ভালো বলতে পারবেন।
চিকিত্সকের বিরুদ্ধে কর্মস্থলে না থেকে সঠিকভাবে দায়িত্ব পালন না করার বিষয়ে নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মো. ফারুক আলম ১ জন চিকিত্সককের নাম উল্লেখ না করে বলেন, তিনি মাঝে মাঝে কর্মস্থলে আসেন এটা ঠিক। কিন্তু একেবারে যে আসেন না তা ঠিক নয়। তাকে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে। তবে যেসব চিকিত্সক নলছিটিতে অবস্থান না করে বরিশালে থেকে প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন তাদের বিষয়ে এই স্বাস্থ্য কর্মকর্তা কিছুই না বলে প্রসঙ্গটি কৌশলে এড়িয়ে যান।
