ইত্তেফাক রিপোর্ট
সাভারে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ ছিনতাইকারী চক্রের ৯ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড ও নবীনগরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ইমতিয়াজ শেখের ছেলে মো. আক্কাস (৩৮), বিদ্যুত্ খানের ছেলে সুমন (২৭), সিংগাইর থানার মৃত আলী হোসেনের মেয়ে রেশমা (২৩) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কাজীপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে নাজমুল (২০) মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার স্বর্ণগ্রামের লতিফ ফরাজীর ছেলে রায়হান (২২) ও সাভারের ফুলাবড়িয়া এলাকার মৃত কাশেম হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (২৪)। তবে সাভার মডেল থানা পুলিশের হাতে আটক অপর তিন ছিনতাইকারীর পরিচয় জানা যায়নি।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল বাসার জানান, ঈদকে সামনে রেখে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে সাভার মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ জানান, আটক ৯ ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
