গাজীপুরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে —মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ২৪ মে ২০১৯, ০০:৩৯

ইত্তেফাক রিপোর্ট

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যে কোনো এলাকার উন্নয়নে গণমাধ্যম কর্মীরা বিশেষ ভূমিকা পালন করতে পারে। গাজীপুরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। সরকার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন চূড়ান্ত করেছে। যার মাধ্যমে অবহেলিত গাজীপুরের উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী জাহিদ আহসান রাসেল।

ফোরামের সভাপতি জিএম ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল হক, বিআরটিএর সাবেক চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, মোহাম্মদ আল-মামুন প্রমুখ।

জাহিদ আহসান রাসেল বলেন, গাজীপুরে যানজট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে ও পরিবেশ দূষণ রোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। গাজীপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে একটি স্মারকলিপি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে প্রদান করা হয়।