টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে মাদক উদ্ধার অভিযানের সময় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ মাদক কারবারী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে।
পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে টেকনাফ থানা পুলিশের হাতে আটক তালিকাভুক্ত মাদক কারবারী ও একাধিক মামলার আসামী মোহাম্মদ হানিফকে (৩৮) নিয়ে একদল পুলিশ হ্নীলা সৌর বিদ্যুত্ প্রকল্পের বেড়িবাঁধ সংলগ্ন লবণ মাঠে মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় মাদক কারবারী সিন্ডিকেটের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশের সদস্য আব্দুস শুক্কুর, মংচিং প্রু, জুয়েল বড়ুয়া আহত হয়। পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় অস্ত্র, ৯ রাউন্ড কার্তুজ, ৪ হাজার পিস ইয়াবা এবং গুলিবিদ্ধ হানিফসহ আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিত্সার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় হানিফ মারা যায়। সে উপজেলার হ্নীলা নাটমোরা পাড়ার মৃত কাশেম আলীর পুত্র। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা চেষ্টাসহ ৬টি মামলা ছিল।
