গত কয়েক বছরের মধ্যে আধুনিক প্রযুক্তি পণ্যের পসরার মধ্যে উল্লেখযোগ্য একটি সংযোজনের নাম গুগল গ্লাস। এখন পর্যন্ত প্রায় ৮ হাজার ব্যক্তির কাছে এটি পৌঁছে গেলেও সেগুলো মূলতই পরীক্ষামূলক ব্যবহারের জন্যই দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এটি সকলের ব্যবহারের জন্য উপযোগী হয়ে ওঠেনি। তারপরও মাত্র একদিনের জন্য এটি বিক্রি হবে যুক্তরাষ্ট্রের বাজারে। আগামী ১৫ এপ্রিল এটি যুক্তরাষ্ট্রে বিক্রি হবে বলে জানিয়েছে নির্মাতা গুগল। ১৮ বছর বা তদুর্ধ্ব যে কেউই একটি অনলাইন ফরম পূরণ করে এটি কিনতে পারবে। আর বিক্রির সময় আগে আসলে আগে পাবেন ভিত্তিতেই এটি বিক্রি হবে। এর দাম রাখা হয়েছে দেড় হাজার ডলার। নতুন ব্যবহারকারীদের জন্য গুগল গ্লাস উন্মুক্ত করতে পেরে খুব খুশি বলেই জানিয়েছে গুগল’র গুগল গ্লাস বিভাগ। আর নতুন ব্যবহারকারীরা কী প্রতিক্রিয়া জানায় এটি নিয়ে, তা জানতেও উন্মুখ হয়ে রয়েছে তারা। যুক্তরাষ্ট্রের বাইরে আগামী মে বা জুন মাসে এমনই একদিনের জন্য যুক্তরাজ্যের বাজারে গুগল গ্লাস বিক্রি হতে পারে বলে জানা গেছে গুগল গ্লাস সংশ্লিষ্ট সূত্র থেকে।
