জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যাচারের অপরাধে ইন্টারপোলের মাধ্যমে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে সরকারের প্রতি আহবান জানিয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তির প্রতিবাদে ঢাকা বিভাগীয় শ্রমিক লীগ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঢাকা মহানগর শ্রমিক লীগের সভাপতি ইনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মোশারফ হোসেন ও আবুল হোসেন, প্রচার সম্পাদক মুন্সি হাবিবুর রহমান প্রমুখ।
এদিকে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানিয়েছে। শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ দাবি জানানো হয়। আসাফো’র সভাপতি শেখ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে সম্মিলিত শিশু-কিশোর জোটের সাধারণ সম্পাদক রীনা আমিন, বাংলার সূর্যের সভাপতি মতিউর রহমান বাপ্পী, অভিনেতা আজিজুল হক আরজু খান প্রমুখ বক্তব্য রাখেন।
বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ টেলিভিশন শিল্পী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। গতকাল এক বিবৃতিতে পরিষদের সভাপতি পিনু খান এমপি ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা এ আহবান জানান। এছাড়াও তারেক রহমানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে, বাংলাদেশ আওয়ামী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য লীগ।
