আনারুল ও বর্ষা দ্রুততম মানব-মানবী

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২২:৩৩
জেলা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব চট্টগ্রাম জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হয়েছে। দু’দিনব্যাপী প্রতিযোগিতায় ৮টি গোল্ড, ৯টি সিলভার ও ৭টি ব্রোঞ্জ পদক পেয়ে কাস্টমস ক্লাব এ কৃতিত্ব দেখায়। অন্যদিকে ৭টি গোল্ড, ৬টি সিলভার ও ৪টি ব্রোঞ্জ পদক পেয়ে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব হয় দলগত রানার্সআপ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীতাকুন্ড উপজেলার মাহমুদাবাদ স্কুল ও কাস্টমস একাডেমী ল্যাবরেটরী স্কুল যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়। এছাড়া প্রতিযোগিতার দ্রুততম মানব-মানবীর খেতাব অর্জন করেন আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের আনারুল আলম রকি ও একই সংগঠনের বর্ষা খাতুন। ছাত্রদের মধ্যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্র সাদমান সাকিব এবং ছাত্রীদের মধ্যে মাহমুদাবাদ স্কুলের ছাত্রী হালিমা আক্তার ১০০ মিটার সিপ্রন্টে স্বর্ণপদক লাভ করেন। গত মৌসুমে অ্যাথলেটিক্স আসর আয়োজনে ব্যর্থ হয় জেলা ক্রীড়া সংস্থা। চলতি মৌসুমে কয়েক দফায় সূচি পরিবর্তন করার কারণে আসরটি শেষ হয় প্রচণ্ড খরতাপের মধ্যে। ফলে অধিকাংশ ক্লাবের অনুপস্থিতির কারণে ক্রীড়াবিদদের অংশগ্রহণ খুব একটা ছিল না বললেই চলে।