দেশের বিভিন্ন স্থানে গত দুদিনে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
কোম্পানীগঞ্জে নিহত ৩
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে গত শনিবার রাতে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন মো. সাখাওয়াত হোসেন আলমগীর (৩০), মো. হারুন (২৮) ও সিএনজি চালক মো. হাবিব (২৫)। আহত মো. আনোয়ার হোসেন ও মো. মাসুদকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শিবগঞ্জে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ কানসাট সোনামসজিদ মহাসড়কের গ্রামীণফোনের টাওয়ার এলাকায় গতকাল রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় ওলিউল (৯) নামে এক শিশু মারা গেছে। সে শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি গ্রামের রমজান আলীর ছেলে। শিবগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, ভটভটি থেকে নামার সময় ওলিউলকে একটি ট্রাক চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
রানীশংকৈলে একজন নিহত
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল-পীরগঞ্জ মহাসড়কে গতকাল রবিবার সকালে যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রো চালকের সহকারী সেন্টু ঘটনাস্থলেই নিহত হয় এবং মাইক্রো চালক গুরুতর আহত হয়। আহত চালককে পীরগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামে ছাত্রের লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরীর রেলওয়ে অফিসার্স ক্লাবের ছাদ থেকে গত শনিবার মোহাম্মদ তানভির (১২) নামে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তানভির রেলওয়ে পূর্বাঞ্চলের ডাক বিভাগের কর্মচারী আব্দুস সালামের পুত্র। সে রেলওয়ে পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, গত শুক্রবার থেকে তানভির নিখোঁজ ছিল।
ডোমারে মহিলার মৃত্যু
নীলফামারীর ডোমার উপজেলায় গত শনিবার ভোরে পল্ল¬ীবিদ্যুতের ১১ কেভি মেইন লাইনের তার ছিঁড়ে বিউটি খাতুন (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ডোমার পল্ল¬ীবিদ্যুতের এজিএম মো. কাওছার রহমান বলেন, গাছের ডাল পড়ে তার ছিঁড়ে যাওয়ায় এ ঘটনা ঘটে।
